ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভোররাতে পৃথক দুটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ঘরের সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ডাকাতদের হামলায় দুই গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোররাতে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের টেকপাড়া এবং পোকখালী ইউনিয়নে পৃথকভাবে এ দুটি ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে ঈদগাঁও থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাত আনুমানিক ৩টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ইসলামাবাদ ইউনিয়নের টেকপাড়ায় সাবেক ইউপি সদস্য নুরুচ্ছফার বাড়িতে হানা দেয়। ডাকাতরা প্রথমেই বাড়ির সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে। পরে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে মারধর চালিয়ে নগদ টাকা এবং প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
একই রাতে পাশ্ববর্তী পোকখালী ইউনিয়নের পশ্চিম পোকখালী এলাকার মোহাম্মদ হোছনের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাগুলোর তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন





