ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী লামারপাড়ার তোফায়েল আহমেদ প্রকাশ টুলু ড্রাইভারের ছেলে মো. ফয়সাল (২৬) এবং একই এলাকার ফরিদুল আলমের ছেলে ইব্রাহিম (২৫)।
থানা পুলিশ জানায়, স্থানীয় সঞ্জয় দাশকে বাসস্টেশন থেকে ডেকে নিয়ে ঈদগাঁও-ঈদগড় সড়কের কবির কোম্পানির কলোনিতে আটকে রাখেন অভিযুক্তরা। সেখানে তাকে মারধর করার পর তার মায়ের কাছে ফোন করে টাকা দাবি করা হয়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই কলোনি থেকে ফয়সাল ও ইব্রাহিমকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চাকুসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, কবির কোম্পানির কলোনি থেকে ফয়সাল ও ইব্রাহিমকে আলামতসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর একই দিন আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন






