বৃষ্টির পানিতে ডুবে গেল ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, বন্ধ ক্লাস

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের প্রাচীনতম বিদ্যাপীঠগুলোর অন্যতম ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের সামনে হাঁটুপানি জমে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। পরিস্থিতির কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে শ্রেণি কার্যক্রম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের প্রবেশপথ থেকে শুরু করে শ্রেণিকক্ষ পর্যন্ত বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। জাতীয় পতাকা মঞ্চ, খেলার মাঠ, বিদ্যালয়ের বারান্দা এমনকি কয়েকটি শ্রেণিকক্ষেও পানি ঢুকে পড়েছে। বিদ্যালয়ের চলাচলের পথও পানিতে তলিয়ে থাকায় স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না শিক্ষক-শিক্ষার্থীরা।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ এক দশক ধরে প্রতিবছর বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ঢুকে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে ঈদগাঁও নদী। নদীতে উজানের পানি বাড়লে বিদ্যালয় প্রাঙ্গণে জলাবদ্ধতা আরও তীব্র হয়। এর পাশাপাশি পর্যাপ্ত ও কার্যকর নালাব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারে না। বিশেষ করে পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় স্লুইচগেট না থাকায় পুরো বিদ্যালয় প্রাঙ্গণ পানিতে তলিয়ে যায়।

বিদ্যালয়ের শিক্ষার্থী মো. আলমগীর বলেন, ‘ষষ্ঠ শ্রেণি থেকে দেখে আসছি, প্রতিবছর বর্ষার সময় বৃষ্টির পানিতে শ্রেণিকক্ষসহ স্কুলের মাঠ ডুবে যায়। এতে ক্লাস করতে পারি না।

একই বিদ্যালয়ের অভিভাবক নাজমা বেগম বলেন, ‘প্রচুর বৃষ্টির কারণে স্কুল পানিতে ডুবে গেছে। আমার ছেলে স্কুলে গিয়ে প্যান্ট ভিজিয়ে এসেছে। স্কুলের চারপাশ উঁচু, আর বিদ্যালয়টি নিচু হওয়ায় প্রতিবছরই বৃষ্টির পানিতে ডুবে যায়। এর স্থায়ী সমাধান হওয়া দরকার।’

বিদ্যালয়ের অফিস সহকারী শামসুল আলম বলেন, ‘শ্রেণিকক্ষে পৌঁছাতেই শিক্ষার্থীদের ভিজে যেতে হয়। অনেকেই পানিতে পড়ে গিয়ে ভিজে অসুস্থ হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবে পাঠদান চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত বলেন, ‘গত এক দশক ধরে সামান্য বৃষ্টিতেই স্কুলের মাঠে হাঁটুপানি জমে যায়। স্কুলের ড্রেনের মুখে স্লুইচগেট নির্মাণের প্রকল্প ঝুলে থাকার কারণে এ সমস্যা হচ্ছে। আমরা নিরুপায়। বৃষ্টির কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।’

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top