আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পিএবি সড়কের বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল করার একদিন পর ৭৫ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে মো. হাসান (৫১) নামে এক বিএনপি নেতা বাদী হয়ে আনোয়ারা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে মিছিলে নেতৃত্বকারী দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. মিজানুর রহমানকে (৩২)।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পিএস রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহজাদা মহিউদ্দিন, রায়পুরের চেয়ারম্যান আমিন শরীফ, উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানসহ ৭৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আসামি করা হয় আরও ৫০ থেকে ৬০ জনকে।
এ মামলায় বৈরাগ ইউনিয়নের আব্দুর রহিম (৪২) ও চন্দনাইশ উপজেলার কানাইমাদারি এলাকার মো. সাইমন (২৩) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার পিএবি সড়কের শোলকাটা এলাকায় অভিযুক্ত নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার নিয়ে হঠাৎ সড়কে ত্রাস সৃষ্টি করে। এসময় তারা সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে জণগণের মাঝে ভয় সৃষ্টি করে এবং যান চলাচলে বাধার সৃষ্টি করে। মামলায় আসামিরা আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ ও বোয়ালখালী উপজেলার বাসিন্দা।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের ভিডিও ফেইসবুকে প্রচারের পর মো. হাসান নামের এক ব্যক্তি বাদী হয়ে ৭৫ জনের নাম উল্লেখসহ আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। আমরা মিছিলের ভিডিও দেখে ২ জনকে গ্রেপ্তার করি এবং অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এসএ





