আনোয়ারায় মা-মেয়ে হত্যাকাণ্ড: মাত্র ১০ দিনেই অভিযোগপত্র দিল পুলিশ

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার তদন্ত শেষ করে মাত্র ১০ দিনের মাথায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে জেলা পুলিশ।

বুধবার (২৪ জুন) মামলার একমাত্র আসামি রিমন বড়ুয়া ওরফে তেজপ্রিয় বড়ুয়ার বিরুদ্ধে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ জুন রাতে আনোয়ারা উপজেলার পরৈকড়া ইউনিয়নের চেনামতি গ্রামে নিজ বাড়িতে এনি বড়ুয়া ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়াকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় এনি বড়ুয়ার পাঁচ বছর বয়সী শিশুসন্তান অর্ক বড়ুয়াকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছিল। ঘটনার পর এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া বাদী হয়ে প্রতিবেশী তেজপ্রিয় বড়ুয়াকে প্রধান আসামি করে আনোয়ারা থানায় মামলা করেন।

মামলার তদন্তকালে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে পটিয়া রেলস্টেশন এলাকা থেকে একমাত্র আসামি রিমন বড়ুয়াকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া নিহত এনি বড়ুয়ার মৃত্যুর আগে দেওয়া জবানবন্দির ভিডিও তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল জানান, আসামি রিমন বড়ুয়া আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্তে চারজন পুলিশ সদস্যসহ মোট ২২ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট, মেডিকেল রিপোর্ট এবং বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দণ্ডবিধির ৩২৩/৩০৭/৩০২ ধারায় এই অভিযোগপত্র দাখিল করা হয়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top