আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল (সিইআইজেড) স্থাপনের বৃহৎ প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা।
মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) জানায়, শিল্পায়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে এই প্রকল্পের আওতায় আধুনিক অবকাঠামো নির্মাণ করা হবে। এতে থাকবে জেটি লিংক সড়ক, প্রধান সড়ক, পানি সংরক্ষণাগার, গ্যাস ট্রান্সমিশন লাইন ও ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন (DRS), সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (CETP), বহুমুখী জেটি, সলিড ওয়েস্ট কালেকশন স্টেশন, বাউন্ডারি ওয়াল এবং দুটি ৩৩/১১ কেভি সাবস্টেশন।
প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ হাজার ১৮৯ কোটি টাকা। এর মধ্যে প্রায় ২ হাজার ৪৬৭ কোটি টাকা আসবে বৈদেশিক ঋণ সহায়তা হিসেবে, আর ১ হাজার ৭২২ কোটি টাকা যোগান দেবে সরকার। বৈদেশিক অর্থায়ন চীনের এক্সিম ব্যাংকের প্রেফারেনশিয়াল বায়ার্স ক্রেডিট (PBC) সুবিধার আওতায় পাওয়ার প্রস্তাব রয়েছে।
বেজার তথ্যমতে, কর্ণফুলী নদীর পূর্ব তীরে আনোয়ারা উপজেলার প্রায় ৭৮৩ একর জমির ওপর গড়ে উঠছে এই শিল্প অঞ্চল। ভূমি অধিগ্রহণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ডেভেলপার চুক্তি স্বাক্ষরের পর মূল অবকাঠামো নির্মাণ কাজ শুরু হবে।
২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের সময় স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ধারাবাহিকতায় এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রামে একটি আধুনিক শিল্প ও লজিস্টিক হাব গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এক লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং অন্তত ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের সুযোগ তৈরি হবে।
কর্ণফুলী টানেল, চট্টগ্রাম বন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী অবস্থানের কারণে অঞ্চলটির কৌশলগত গুরুত্বও বেশি বলে মনে করছে বেজা। প্রতিষ্ঠানটির মতে, এটি বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে এবং দেশের শিল্পায়ন ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বেজা আরও জানিয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬-এর বিভিন্ন লক্ষ্য বাস্তবায়নেও প্রকল্পটি সহায়ক হবে, বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) জনসংযোগ কর্মকর্তা ও উপ-ব্যবস্থাপক সেঁজুতি বড়ুয়া বলেন, মঙ্গলবার একনেকে ‘সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ প্রকল্পটি অনুমোদন হয়েছে। খুব দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ শেষ করে প্রকল্পটির কাজ শুরু হবে। প্রকল্পটিকে সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন





