চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় মো. সাকিব (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) রাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের নলদিয়া এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাকিব ওই এলাকার মো. ইউনুসের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সাকিবের মা ও পরিবারের অন্যান্য সদস্যরা একটি দাওয়াতে যান। এ সময় বাড়িতে একাই ছিলেন সাকিব। পরে রাত ১২টার দিকে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





