চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর আতুরের ডিপো এলাকায় চার মাসের বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স লিমিটেডের শ্রমিকরা। এই কারণে অক্সিজেন-মুরাদপুর সড়কে যান চলাচল ব্যাহত হয়। সৃষ্টি হয় তীব্র যানজট।
বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে আতুরার ডিপো এলাকায় অক্সিজেন-মুরাদপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ইত্যাদি জিন্স লিমিটেডের শ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতা পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ। বর্তমানে চার মাসের বেতন বকেয়া রয়েছে। বেতন পরিশোধের পাশাপাশি শ্রমিকদের অন্যান্য ন্যায্য দাবিও পূরণ করা হয়নি। ফলে বাধ্য হয়ে তারা সড়কে নেমে বিক্ষোভ করছেন।
শ্রমিকরা জানান, দ্রুত বকেয়া বেতন পরিশোধ ও অন্যান্য দাবি মেনে নেওয়া না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।
এদিকে শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। শ্রমিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি কারখানা কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন। খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সংশ্লিষ্ট থানা-পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





