আজ বিশ্ব জনসংখ্যা দিবস: থাকছে যেসব কর্মসূচি

চাটগাঁ নিউজ ডেস্ক: আজ ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। জনসংখ্যা বৃদ্ধি, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং তরুণদের অধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

এবারের প্রতিপাদ্য ‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

দিবসটি উপলক্ষে আগামী রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।

এছাড়া দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। জাতীয় দৈনিকগুলোও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।

উল্লেখ্য, জনসংখ্যা-সংক্রান্ত বিষয়ে বৈশ্বিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) গভর্নিং কাউন্সিল প্রতি বছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। ১৯৯০ সালে প্রথমবারের মতো বিশ্বের ৯০টি দেশে দিবসটি পালিত হয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top