চট্টগ্রাম স্টেশন রোডে ফুটপাত দখলে মেয়রের কঠোর বার্তা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীর স্টেশন রোড এলাকায় ফুটপাত দখল করে পণ্য ও ফলমূল রেখে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার (২১ মে) স্টেশন রোড এলাকায় সরেজমিন পরিদর্শনে গিয়ে তিনি ফুটপাতজুড়ে বিভিন্ন দোকান ও ফল ব্যবসায়ীদের পণ্য ছড়িয়ে-ছিটিয়ে রাখার দৃশ্য দেখে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দ্রুত ফুটপাত থেকে এসব পণ্য সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

মেয়র বলেন, নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ফুটপাত সবসময় দখলমুক্ত রাখা অত্যন্ত জরুরি। অনেক স্থানে দোকানের মালামাল ও ফলমূল ফুটপাতে রেখে দেওয়ার কারণে পথচারীরা বাধ্য হয়ে সড়কে নেমে হাঁটছেন, যা যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

তিনি আরও বলেন, ব্যবসা পরিচালনা সবার অধিকার হলেও তা যেন সাধারণ মানুষের ভোগান্তির কারণ না হয়। একটি পরিকল্পিত ও বাসযোগ্য শহর গঠনে নাগরিক, ব্যবসায়ী এবং সিটি কর্পোরেশন—সব পক্ষেরই দায়িত্বশীল ভূমিকা থাকা প্রয়োজন।

নগরীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোতে নিয়মিত তদারকি চলবে জানিয়ে মেয়র সতর্ক করেন, যারা ফুটপাত দখল করবে বা অযথা ময়লা-আবর্জনা ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top