চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের রামু উপজেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেটকারে ইয়াবা বহনের সময় দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেটকার এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু রাবার বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিএনসির একটি দল তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া এলাকার সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পশ্চিম নাউ এলাকার সিমা ইসলাম (২২) এবং ঢাকার দারুসসালাম থানার দক্ষিণ বিশিল এলাকার উর্মি আক্তার উষা (১৮)।
ডিএনসি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন একটি সাদা রঙের টয়োটা সিএইচআর (CHR) প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। গাড়িটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো ছিল। তল্লাশির সময় স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো তিনটি পৃথক প্যাকেট থেকে মোট ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দের পাশাপাশি চারটি স্মার্টফোন, গাড়ির ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেনও জব্দ করা হয়েছে।
কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল জানান, এ ঘটনায় পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করে মাদক পরিবহনের চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। স্টিকারটি কীভাবে সংগ্রহ করা হয়েছে এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






