চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলার পৌরসদরে দিনে দুপুরে স্কুল শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল তালা ভেঙে ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।
বুধবার (১৫ জুলাই) সকাল আনুমানিক ১০টা থেকে দুপুর ১টার মধ্যে মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজ রোডের বিপরীত পাশে অবস্থিত জসিম উদ্দিন ভবনের একটি বাসায় এ ঘটনা ঘটছে। ভুক্তভোগীর নাম হামিদা সুলতানা। তিনি খৈয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
হামিদা সুলতানা জানান, সকালে তিনি মেয়েকে বাসায় রেখে স্কুলে যান। পরে সকাল সাড়ে ৯টার দিকে তার মেয়েও স্কুলে চলে যায়। দুপুর দেড়টার দিকে স্কুল থেকে ফিরে এসে ঘরের তালা ভাঙা দেখতে পায়। ঘরে প্রবেশ করে দেখা যায় আসবাবপত্র ও কাপড়চোপড় এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। চোরের দল ড্রয়ারের তালা ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
তিনি আরও বলেন, অনেক কষ্টে অল্প অল্প করে স্বর্ণালঙ্কার কিনেছি। আমার সব স্বর্ণালঙ্কার এভাবে চুরি হয়ে গেছে চিন্তা করতেই কষ্ট হচ্ছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, চুরির ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। চোরচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
চাটগাঁ নিউজ/জেএইচ






