শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রামে টানা দ্বিতীয় দিনের বিক্ষোভ

চাটগাঁ নিউজ ডেস্ক: বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত বাতিল এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুর ৩টার দিকে নগরের ২ নম্বর গেট এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় ‘এক দফা, এক দাবি—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাস্তব পরিস্থিতি বিবেচনা না করেই এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো পরীক্ষার্থী। তাদের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বার্থ উপেক্ষা করে নেওয়া এ সিদ্ধান্তের দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।

তারা আরও অভিযোগ করেন, টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী চরম ভোগান্তির মধ্যে পরীক্ষাকেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। কেউ কেউ অসুস্থও হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে তারা অমানবিক ও দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেন।

এর আগে মঙ্গলবার একই দাবিতে নগরের ষোলশহরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা শিক্ষা বোর্ডে প্রবেশের চেষ্টা করলে ধাক্কাধাক্কির মধ্যে প্রধান ফটক খুলে যায়। পরে কয়েকজন শিক্ষার্থী ফটকটি কাঁধে নিয়ে সড়কের দিকে চলে যান। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এদিকে শুধু চট্টগ্রামেই নয়, বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে রাজধানীর উত্তরা, সায়েন্সল্যাব, মিরপুর-১০ ও ইসিবি চত্বরে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করছেন এইচএসসি পরীক্ষার্থীরা। সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, সায়েন্সল্যাব এলাকায় অবস্থানরত আন্দোলনকারীরা সড়ক ছেড়ে শিক্ষা মন্ত্রণালয় বা সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেছেন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে তলব করেন। পরে সংসদে বক্তব্য দিয়ে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, বন্যা পরিস্থিতির কারণে কোনো পরীক্ষা ব্যাহত হলে বা প্রয়োজন দেখা দিলে তা পুনরায় আয়োজনের বিষয়টি সরকার বিবেচনা করবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top