চট্টগ্রামে রেকর্ড বৃষ্টি, বাড়ছে জলাবদ্ধতা

চাটগাঁ নিউজ ডেস্ক: টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং কর্ণফুলী নদীর জোয়ারের সম্মিলিত প্রভাবে চট্টগ্রাম নগরজুড়ে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে নগরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্যমতে, মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পতেঙ্গায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

অন্যদিকে, নগরের আমবাগান আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, একই সময়ে সেখানে ২৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

ভারী বর্ষণের ফলে পতেঙ্গা, আগ্রাবাদ, কাতালগঞ্জ, চান্দগাঁও, বাকলিয়া, মোহরাসহ নগরের বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

জলাবদ্ধতার কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ও অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করা হয়েছে। জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ, চাকরিজীবী, বিমানবন্দরগামী যাত্রী এবং দিনমজুরদের সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কে গণপরিবহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে, ব্যক্তিগত যানবাহনের চলাচলও সীমিত রয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহমুদুল আলম জানান, উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রয়েছে। একই সঙ্গে জলাবদ্ধতা ও পাহাড়ধসের ঝুঁকি থাকায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। তিনি আরও জানান, মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে কর্ণফুলী নদীতে জোয়ার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, যা নিম্নাঞ্চলের জলাবদ্ধতা আরও বাড়াতে পারে।

এদিকে, জলাবদ্ধতা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে মঙ্গলবার সকালে নগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top