চাটগাঁ নিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকায় চলাচলের জায়গা বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে শফি উল্লাহ (২২) নামে আহত এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (৫ জুলাই) সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
নিহত কলেজ শিক্ষার্থী শফি উল্লাহ টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরাতন পাড়া এলাকার বাসিন্দা হাফেজ মোকতার আহমদের ছেলে। তিনি টেকনাফ উপজেলার হ্নীলাস্থ মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী।
স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন।
নিহতের বড় ভাই সিদ্দিক আহমদ অভিযোগ করেন, দীর্ঘ আট বছর ধরে তাদের বাড়িতে যাতায়াতের পথ বন্ধ করে রেখেছেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল আহমদ ও তার লোকজন। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও তারা কোনো সমাধানে রাজি হননি। সিদ্দিক আহমদ প্রবাসে থাকাকালে চলাচলের পথ ছেড়ে দেয়ার জন্য কামাল আহমদ চাঁদা দাবি করেন। এ ঘটনায় আদালতে দায়ের করা একটি মামলা বিচারাধীন।
তিনি অভিযোগে আরও জানান, শনিবার (৪ জুলাই) ওই মামলার তদন্তে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল। তবে পুলিশ পৌঁছানোর আগে থেকে উৎপেতে থাকা কামাল আহমদ ও তার সহযোগিরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তার চার ভাই আবু বক্কর, হাবিব উল্লাহ ও শফি উল্লাহসহ কয়েকজন আহত হন।
গুরুতর আহত শফি উল্লাহ মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তিনি বমি করলে তাকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। রোববার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মূলত যাতায়াতের জায়গা বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে।
চাটগাঁ নিউজ/এসএ





