সরকারি ব্যানার-ফেস্টুন–বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

চাটগাঁ নিউজ ডেস্ক: সরকারি অনুষ্ঠান উপলক্ষে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে প্রচারণাসামগ্রী তৈরির ক্ষেত্রে ব্যক্তিকেন্দ্রিক উপস্থাপনার পরিবর্তে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তুকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর করতে হবে।

পরিপত্র অনুযায়ী, সরকারি কোনো অনুষ্ঠানের প্রচারে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। এছাড়া প্রচারণামূলক উপকরণের নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে ফুটে ওঠে।

মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র

এতে আরও বলা হয়েছে, প্রচারসামগ্রী তৈরির সময় বিষয়বস্তুকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং প্রয়োজনীয় তথ্য সুষম ও সামঞ্জস্যপূর্ণভাবে উপস্থাপন নিশ্চিত করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনাটি গুরুত্বের সঙ্গে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, রবিবার সকালে গুলশানের বাসভবন থেকে সচিবালয়ে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সরকারি কর্মসূচির ব্যানার-ফেস্টুনে নিজের ছবি প্রদর্শিত হতে দেখেন। পরে সচিবালয়ে পৌঁছে তিনি মন্ত্রিপরিষদ সচিবকে এ ধরনের ছবি ব্যবহার বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা জারির নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্রটি জারি করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top