ফটিকছড়িতে ট্রলি উল্টে কিশোর চালকের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ডেকোরেশনের মালামাল বহনকারী একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেলে মিনহাজ (১৩) নামে এক কিশোর চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রলির সহকারী সাইম (১৪) আহত হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নয়াহাট বাজার সংলগ্ন কাশেম চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিনহাজ স্থানীয় মনসুরের ছেলে। আহত সাইম একই ইউনিয়নের শাহনগর গ্রামের দারগ আলী তালুকদার বাড়ির ইয়াসিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নয়াহাট বাজার থেকে একটি বিয়ে বাড়িতে ডেকোরেশনের মালামাল পৌঁছে দিতে ট্রলি নিয়ে রওনা দেন মিনহাজ ও সাইম। পথে কাশেম চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রলিটি রাস্তার পাশের খাদে উল্টে যায় এবং দুই কিশোর গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিনহাজকে মৃত ঘোষণা করেন। আহত সাইমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

লেলাং ইউনিয়ন পরিষদের সদস্য রুমা আক্তার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিয়ে বাড়িতে ডেকোরেশনের মালামাল পৌঁছে দেওয়ার পথে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে কিশোর চালক ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top