চাটগাঁ নিউজ ডেস্ক : কর্ণফুলী উপজেলায় রডবোঝাই একটি ট্রাকের ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে যাওয়ার ঘটনায় তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পিএবি সড়কের বড়উঠান ডাকপাড়া এলাকায় শরাফত অ্যান্ড ব্রাদার্স পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- বাঁশখালী উপজেলার আক্তার হোসেন (৪২), হামিরচর এলাকার রাসেল (৩৫) এবং পেকুয়া উপজেলার বাহাদুর (৩৮)। তারা সবাই দুর্ঘটনাকবলিত ট্রাকের শ্রমিক।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরে চট্টগ্রাম শহর থেকে ৮ টন রড নিয়ে কেএসআরএমের চট্টমেট্রো-ট ১১-৫০৪৬ নম্বরের ট্রাকটি আনোয়ারার দিকে যাচ্ছিল। ডাকপাড়া এলাকায় পৌঁছালে ট্রাকটির ব্রেক বিকল হয়ে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে ট্রাকটি উল্টে পাশের বিলে পড়ে যায়। দুর্ঘটনার সময় চালক ও হেলপার লাফিয়ে প্রাণে রক্ষা পেলেও ট্রাকে থাকা তিন শ্রমিক রডের নিচে চাপা পড়েন।
খবর পেয়ে কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তিন শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করে। পরে তাদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইসমাইল হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে রডের নিচে চাপা পড়া তিনজনকে ১৫ মিনিটের মধ্যে জীবিত উদ্ধার করি। একইসঙ্গে সড়কের যান চলাচলও স্বাভাবিক করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার উদ্দিন বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
চাটগাঁ নিউজ/এসএ






