চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর হালিশহর বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলা শেষে গোলপোস্ট ভেঙে মো. মাহিদুল ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৩ জুলাই) সকালে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মাহিদুল ইসলাম পটুয়াখালীর বাউফল উপজেলার কোনোপদিয়া এলাকার রাসেল গাজীর ছেলে। তবে তিনি চট্টগ্রামে রং মিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।
নিহতের খালাতো ভাই মোহাম্মদ মনির জানান, সকালে বন্ধুদের সঙ্গে হালিশহর বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলতে যান মাহিদুল। খেলার এক পর্যায়ে গোল করার পর আনন্দ প্রকাশ করতে গোলপোস্টের ওপর ঝুলে পড়েন তিনি। এ সময় লোহার গোলপোস্টটি ভেঙে তার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় মাহিদুল নামে এক যুবককে আনা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
চাটগাঁ নিউজ/জেএইচ






