ক্রীড়া ডেস্ক: ফুটবলের রোমাঞ্চ বোধহয় এখানেই। খেলার শেষ মিনিট পর্যন্ত লড়ে যেতে হয় জেতার জন্য। তেমনি হাড্ডাহাড্ডি লড়াই করে ২০২৬ বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও বেলজিয়াম।
১ জুলাই অর্থ্যাৎ বুধবার রাত ছিল ফুটবলের অনিশ্চিত খেলার রোমাঞ্চকর এক রাত। যেখানে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল বসনিয়া, বেলজিয়ামের মুখোমুখি হয়েছিল সেনেগাল এবং ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ডি আর কঙ্গো।
বুধবার রাত ১০টায় শুরু হওয়া খেলায় ৬ মিনিটেই ইংল্যান্ডের জালে গোল দিয়ে একপ্রকার চমকই দেখিয়েছে আফ্রিকার দেশটি।
বিশ্বকাপের নকআউটে অঘটনের ঝড় থাকবেই। এবার সেই ঝড়ের মুখে পড়েছিল ইংল্যান্ড। তবে শেষ মুহূর্তে সেখান থেকে উদ্ধার পেয়েছে থমাস টুখেলের দল। ম্যাচ শুরুর ছয় মিনিটের মাথায় ডিআর কঙ্গোর গোলে পিছিয়ে পড়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। আটলান্টায় কঙ্গোর অ্যারন ওয়ান-বিসাকার ক্রস থেকে ব্রায়ান সিপেঙ্গা গোল করে বসেন। বিশ্বকাপের নকআউট পর্বে ডিআর কঙ্গোর প্রথম গোলেই তৈরি হয় বড় চমকের সম্ভাবনা। দীর্ঘ সময় ধরে সমতা ফেরাতে হিমশিম খাওয়া ইংল্যান্ডকে শেষ পর্যন্ত বাঁচান হ্যারি কেইন।
শেষ বত্রিশের লড়াইয়ে অধিনায়কের জোড়া গোলে ডিআর কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠল ইংল্যান্ড।
রাতের অন্য খেলায় চমকে ভরপুর ছিল বেলজিয়াম বনাম সেনেগালের খেলায়। এক ম্যাচে যত নাটক হওয়ার কথা, সবটাই হলো।
টাইব্রেকার থেকে যখন কয়েক সেকেন্ড দূরে দাঁড়িয়ে দুই দল, ঠিক তখনই বিতর্কিত এক পেনাল্টির সিদ্ধান্তে কপাল পুড়ল সেনেগালের। দুর্ভাগ্যের কাছে হার মানতে হলো আফ্রিকার দেশটিকে। প্রথমে দুই গোলে এগিয়ে যাওয়া। পরে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল শোধ করে বেলজিয়াম ম্যাচটা নিয়ে আসে অতিরিক্ত ৩০ মিনিটে।
ম্যাচটা যখন টাইব্রেকারে দিকে এগুচ্ছিল, তখনই এক অপ্রত্যাশিত ঘটনায় পেনাল্টি পেয়ে যায় বেলজিয়াম। সেই সুযোগ কাজে লাগিয়ে রোমাঞ্চকম ম্যাচ ৩-২ গোলে জিতে শেষ ষোলতে পৌঁছে গেছে ইউরোপের দলটি। সাহসী ফুটবল খেলেও সেনেগালের সঙ্গী হয় শুধুই কান্না।
এদিকে উত্তেজনায় ঠাসা ছিল বসনিয়া-যুক্তরাষ্ট্র ম্যাচ। যার গোলে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র, তাকেই মাঠ ছাড়তে হলো লাল কার্ড দেখে। ২০ মিনিটের মধ্যে ফোলারিন বালোগান দেখলেন মুদ্রার দুই পিঠই। শেষ পর্যন্ত বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ১৬তে পা রেখে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র।
সান ফ্রান্সিসকোতে ম্যাচের শুরু থেকেই ছিল স্বাগতিকদের দাপট। বেশ কিছু সুযোগ এলেও প্রথমার্ধে গোলের দেখা পাচ্ছিল না তারা। গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে লিড নেয় যুক্তরাষ্ট্র।
৪৫তম মিনিটে বালোগানের দারুণ এক গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ১-০ গোলের লিড নিয়ে হাফ টাইমে যায় তারা।
দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটের সময় লাল কার্ড দেখেন সেই বালোগানই। ভয়ঙ্কর এক ফাউল করায় তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। রাউন্ড অব ১৬তে তাই মাঠে নামা হচ্ছে না তার।
চাটগাঁ নিউজ/জেএইচ





