চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে পাচারের সময় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা বলে জানা গেছে।
বুধবার (১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাট থেকে প্রায় ৯০০ মিটার দক্ষিণে নাফ নদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার জাগীর হোসেন (২৮)।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পাওয়া যায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী অতিক্রম করে শাহপরীরদ্বীপ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে প্রযুক্তিগত নজরদারিতে নাফ নদীর মিয়ানমার অংশে একটি হস্তচালিত নৌকার সন্দেহজনক গতিবিধি শনাক্ত করা হয়। পরে বিজিবির নৌ টহল দল কৌশলগত অবস্থান নেয়। রাত সাড়ে ১২টার দিকে চাঁদের আলোয় এক ব্যক্তিকে দুটি বস্তা নিয়ে নদী সাঁতরে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে তার সঙ্গে থাকা দুটি বস্তা তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, তিনি সন্দেহভাজন নৌকা থেকে নদীতে নেমে ইয়াবার চালান নিয়ে সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ‘বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদক ও সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের রাডারভিত্তিক নজরদারি, গোয়েন্দা কার্যক্রম, নিয়মিত স্থল ও নৌ টহল এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’
আটক ব্যক্তি ও জব্দ করা ইয়াবা নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ






