ইতিহাস গড়ে শেষ ১৬তে পা রাখল মেক্সিকো

ক্রীড়া ডেস্ক: গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউটে পা রেখেছিল তারা। আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো প্রমাণ করল, কেন তাদের এখনো কেউ হারাতে পারেনি। ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়ে শেষ ১৬ নিশ্চিত করল মেক্সিকানরা।

আজতেকা স্টেডিয়ামে রাউন্ড অফ ৩২ এর ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক মেক্সিকো ও লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়ার কথা থাকলেও বজ্রপাত ও তীব্র বৃষ্টির কারণে শুরু হয় সকাল ৮টায়।

খেলা শুরুর পর থেকেই একের পর এক আক্রমণে ইকুয়েডরকে বিপর্যস্ত করেছে মেক্সিকো। বেশ কিছু গোলের সুযোগ এলেও তখনো বল জালে জড়াতে পারেনি স্বাগতিকরা।

২২ মিনিটে ভাঙল সেই ডেডলক। হুলিয়ান কুইনোনেসের দুর্দান্ত এক গোলে ম্যাচে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।

কাউন্টার অ্যাটাকে মাঝমাঠে বল পান কুইনোনেস। একাই বল নিয়ে চলে যান প্রতিপক্ষের ডি বক্সে। রকেট গতির ডান পায়ের শটে বল জালে জড়ান।

লিড নেওয়ার কয়েক মিনিট পর আবারও মেক্সিকোর গোল। ৩১ মিনিটে বল জালে জড়ালেন রাউল হিমেনেজ। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মেক্সিকো।

দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পায়নি দুই দলের কেউই। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে শেষ ১৬তে চলে গেল মেক্সিকো।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top