চাটগাঁ নিউজ ডেস্ক: পার্কভিউ হসপিটাল লিমিটেড ও খাজা গরীবে নেওয়াজ (রহ.) সমবায় সমিতির যৌথ উদ্যোগে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাদামতল খন্দকিয়া এলাকায় দিনব্যাপী একটি বিনামূল্যের চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) আয়োজিত এ ক্যাম্পে স্থানীয় শত শত মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন। পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং ডিভাইসের মাধ্যমে সুন্নতে খৎনাসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
সামাজিক দায়বদ্ধতা ও জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পে গাইনি, মেডিসিন, ডায়াবেটিস, চর্মরোগ, শিশু রোগ, বাতব্যথা এবং চক্ষু—এই সাতটি বিভাগে মোট ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দেন।
চিকিৎসাসেবা প্রদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন গাইনি বিভাগের ডা. তাসনিয়া ও ডা. মেরিন, মেডিসিন বিভাগের ডা. রূপায়ন, ডায়াবেটিস বিভাগের ডা. সালাউদ্দিন এমএএইচ চৌধুরী ও ডা. নকীব সিকদার, চর্মরোগ বিভাগের ডা. তাবাসসুম ও ডা. তাসনিম, শিশু রোগ বিভাগের ডা. ইমন, বাতব্যথা বিশেষজ্ঞ ডা. আহমদ রহিম এবং চক্ষু বিভাগের ডা. রায়হান ও ডা. জহির।
আয়োজকরা জানান, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সেই লক্ষ্যকে সামনে রেখে পার্কভিউ হসপিটাল লিমিটেড নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড বিভাগের ম্যানেজার জাহেদুল ইসলাম, আব্দুর সোবহান, হেলাল পারভেজসহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চাটগাঁ নিউজ/এমকেএন






