অক্সিজেনে চসিকের অভিযানে ২০ দোকান উচ্ছেদ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের অন্যতম ব্যস্ত এলাকা অক্সিজেন মোড়ে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ২০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। একই সঙ্গে বিভিন্ন অনিয়মের দায়ে তিন ব্যক্তিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিক সূত্র জানায়, নগরের অক্সিজেন মোড়ের বায়েজিদ বোস্তামী সড়কের একটি অংশ দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে দোকান বসানো হয়েছিল। এতে সড়ক ও ফুটপাতে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং দখলমুক্ত করা হয় সড়ক ও ফুটপাত।

অভিযান চলাকালে ফুটপাতের ওপর ফ্রিজ মেরামতের কাজ পরিচালনা এবং ঝুঁকিপূর্ণভাবে হোটেলের গ্যাসের চুলা স্থাপনের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে তাদের মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ বলেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অবৈধ দখল ও জননিরাপত্তা বিঘ্নিত হয়—এমন যেকোনো কার্যকলাপের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top