মিরসরাইয়ে ১৯টি চোরাই ভারতীয় গরু উদ্ধার, গ্রেপ্তার ৪

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১৯টি গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গরু পরিবহনে ব্যবহৃত দুটি পিকআপও জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর এলাকার মৃত ছমেদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৬৫), একই এলাকার আবুল খায়েরের ছেলে নজরুল ইসলাম (২২), ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. আরিফ (২৭) এবং মহামায়া ইউনিয়নের আইয়ুব আলীর ছেলে রাসেল ওরফে আলম (৩৫)।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে নয়াটিলা মাজার এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করা দুটি পিকআপে তল্লাশি চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ১৯টি গরু উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ১৬ হাজার টাকা।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, উদ্ধার হওয়া গরুর পাশাপাশি পরিবহনে ব্যবহৃত দুটি পিকআপও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top