২৪ বছরের খরা কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনে শেষ ষোলোয় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে জাপানকে ২-১ গোলে হারিয়ে শুধু শেষ ষোলোর টিকিটই নিশ্চিত করেনি ব্রাজিল, একই সঙ্গে নকআউট পর্বে পিছিয়ে পড়ে জয়ের দীর্ঘ ২৪ বছরের অপেক্ষারও অবসান ঘটিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে শুরুটা অবশ্য ব্রাজিলের জন্য সুখকর ছিল না। প্রথমার্ধের ২৯তম মিনিটে জাপানের মিডফিল্ডার কাইশু সানোর দুর্দান্ত একক প্রচেষ্টায় করা গোলে এগিয়ে যায় এশিয়ার দলটি। সেই গোলের পর কিছুটা চাপে পড়ে যায় সেলেসাওরা।

তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৫৬তম মিনিটে গাব্রিয়েল মাগালাইয়েসের দারুণ ক্রস থেকে অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো হেডে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে ব্রুনো গিমারেসের নিখুঁত পাস ধরে গাব্রিয়েল মার্তিনেল্লি কোণাকুণি শটে জালের ঠিকানা খুঁজে নিলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় ব্রাজিলের।

বিশ্বকাপের নকআউট পর্বে পিছিয়ে পড়ে ব্রাজিলের সর্বশেষ জয় এসেছিল ২০০২ সালের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে মাইকেল ওয়েনের গোলে পিছিয়ে পড়ার পর রিভালদো ও রোনালদিনহোর গোলে জয় তুলে নিয়েছিল লুইজ ফেলিপে স্কোলারির দল। শেষ পর্যন্ত সেই আসরেই নিজেদের পঞ্চম বিশ্বকাপ শিরোপা জেতে ব্রাজিল।

এরপর ২০০৬ সালে ফ্রান্স, ২০১৪ সালে জার্মানি এবং ২০১৮ সালে বেলজিয়ামের বিপক্ষে নকআউট পর্বে প্রথমে গোল হজম করার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি সেলেসাওরা। তবে এবার জাপানের বিপক্ষে সেই আক্ষেপ ঘুচল।

বিশ্বকাপ ইতিহাসে প্রতিপক্ষ আগে গোল করার পর ব্রাজিলের এটি ১৫তম জয়। এর মধ্যে নকআউট পর্বে (১৯৩৮ সালের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচসহ) এটি তাদের অষ্টম সফল প্রত্যাবর্তন।

ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে স্মরণীয় দুটি কামব্যাক এসেছে ফাইনালে। ১৯৫৮ সালের ফাইনালে স্বাগতিক সুইডেন প্রথমে এগিয়ে গেলেও পরে ৫-২ ব্যবধানে জয় পেয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় ব্রাজিল। আর ১৯৬২ সালের ফাইনালেও চেকোস্লোভাকিয়ার বিপক্ষে পিছিয়ে পড়ে ৩-১ ব্যবধানে জিতে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা নিজেদের করে নেয় লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top