চাটগাঁ নিউজ ডেস্ক : আগ্নেয়াস্ত্র কেনাবেচা হবে খবর পেয়ে ক্রেতা সেজে অস্ত্র কিনতেও যায় পুলিশ। এসময় বিক্রেতা পরিচয়ে আসা চার তরুণকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা একপি পিস্তল। কিন্তু পরীক্ষা-নিরীক্ষার পর পুলিশ নিশ্চিত হয়, এটি আসল পিস্তল নয়। পিস্তলের মত দেখতে এটি একটি আগুন জ্বালানোর লাইটার।
গতকাল রোববার বিকেল চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার আফাজ আলী মুন্সিবাড়ির সামনে থেকে ওই চার তরুণকে আটক করে পুলিশ। পরে তাদের আজ সোমবার দুপুরে তাঁদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার তরুণেরা হলেন- মো. আকিব হোসেন (১৮), মো. শহিদুল ইসলাম (২০), মো. ইকরাম হোসেন (১৯) ও মো. রুবেল হোসেন (১৯)। তারা সবাই চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া পিস্তল সদৃশ বস্তুটি মূলত একটি লাইটার। এটি চীনের তৈরি। বিউটেন গ্যাস দিয়ে পুনরায় এটি ব্যবহার করা যায়। প্রথম দেখায় এটিকে আগ্নেয়াস্ত্র মনে হবে।
জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন বলেন, অস্ত্রের মতো দেখতে বস্তুটি কোথাও ভয় প্রদর্শন কিংবা প্রতারণামূলক কাজে ব্যবহার করা হয়েছে কি না, তা যাচাই করে দেখা হচ্ছে। ৪ জনকেই ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ






