আনোয়ার হোসেন ফরিদ: স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর। জীবিকার তাগিদে হাজার মাইল দূরে ওমানে পাড়ি জমিয়েছিলেন চট্টগ্রামের ফটিকছড়ির তরুণ মোহাম্মদ আরিফ (২৩)। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস প্রিয়জনদের কাছে জীবিত আর ফেরা হলো না তার। এক সড়ক দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় সেই তরুণের জীবন।
বৃহস্পতিবার (২৫ জুন) রাত আনুমানিক ৩টার দিকে ওমানের আল বিদাইয়া এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোহাম্মদ আরিফ ফটিকছড়ি উপজেলার ভূজপুর কাজিরহাট এলাকার মৃত শফিউল আজমের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি উপজেলার পাইন্দং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাইন্দং এলাকায় পরিবারসহ বসবাস করতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় প্রবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, আরিফ ওমানের একটি গ্রোসারি সুপারশপে বিক্রয়কর্মী হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার গভীর রাতে দোকান বন্ধের আগে বর্জ্য ফেলতে সড়ক পার হয়ে ডাস্টবিনে যান। বর্জ্য ফেলে ফেরার পথে দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ওমান পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
আরিফের অকাল মৃত্যুতে পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে স্বজনদের আকাশ। প্রবাসে কঠোর পরিশ্রম করে পরিবারের ভবিষ্যৎ গড়ার যে স্বপ্ন তিনি বুনেছিলেন, তা এক মুহূর্তেই থেমে গেল নির্মম সড়ক দুর্ঘটনার কাছে।
আরিফের মামা ডা. মুহাম্মদ করিম জানান, গত চার বছর আগে মায়ের একমাত্র সন্তান আরিফ ওমানে পাড়ি জমান। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





