রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ করে মুক্তিপণ দাবি, আটক ১

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এক রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে অপহৃত ব্যক্তিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্প-১৯-এর ব্লক বি/৩ এলাকার বাসিন্দা মোহাম্মদ একরাম (৩২) একই ক্যাম্পের ব্লক এ/৩ এলাকার বাসিন্দা জাবের হোসাইনকে (৩০) পাসপোর্ট সংক্রান্ত কাজে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কথা বলে কৌশলে ডেকে নিয়ে অপহরণ করেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, অপহরণের পর সংঘবদ্ধ চক্রটি জাবের হোসাইনের পরিবারের কাছে ৩ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা ক্যাম্প-১৯ পুলিশ ক্যাম্পে অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে মোহাম্মদ একরামকে আটক করা হয়। পরে তাকে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ক্যাম্প-১৯ থেকে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঘটনায় শরিফুল নামে আরও এক রোহিঙ্গাসহ অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনের সম্পৃক্ততার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

অপহৃত জাবের হোসাইন ক্যাম্প-১৯-এর ব্লক এ/৩ এলাকার বাসিন্দা সব্বির আহম্মদের ছেলে। অপরদিকে আটক মোহাম্মদ একরাম একই ক্যাম্পের ব্লক বি/৩ এলাকার বাসিন্দা মোহাম্মদ সৈয়দ গাপ্পরের ছেলে।

এ বিষয়ে ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, অপহরণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অপহৃত ব্যক্তিকে উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন

Scroll to Top