চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- রাউজান উপজেলার ডাবুরা ইউনিয়নের তালুকদার বাড়ির মো. নাজিম উদ্দিন (৪৮) ও তার স্ত্রী তাসলিমা আক্তার (৪০)। তারা নগরের চকবাজার এলাকার ডিসি রোডে বসবাস করতেন।
পুলিশ জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে পাঁচলাইশ থানার মুরাদপুর কনভেনশন হলের সামনে স্কুটিকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে স্বামী-স্ত্রী গুরুতর আহত হন। পরে পথচারীদের সহায়তায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতদের হাসপাতালে আনয়নকারী পথচারী শহিদুল ইসলাম বলেন, ‘দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাদের হাসপাতালে আনা হয়। যতটুকু শুনেছি, স্কুটিটি সামনে ছিল আর কাভার্ড ভ্যানটি পেছনে। নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটি স্কুটিকে ধাক্কা দেয়।’
চমেক পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, দুর্ঘটনায় আহত স্বামী-স্ত্রীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরিবারকে খবর দেওয়া হয়েছে। দুইজনের লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ





