নোংরা পরিবেশে খাবার প্রস্তুত, ৪ লাখ টাকা জরিমানা গুনল সি বার্ড হোটেল

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে ‘সি বার্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-কে চার লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। একই সঙ্গে জনস্বার্থে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে দেখা যায়, সি বার্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন করছে। এ অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ও ৩৯ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে চার লাখ টাকা জরিমানা করা হয় এবং সাময়িকভাবে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে একই দিনে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় ‘চাটগাঁও রান্নাঘর’ নামে একটি প্রতিষ্ঠান প্রয়োজনীয় নিবন্ধন ছাড়া ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করায় হোটেল-রেস্তোরাঁ আইন, ২০১৪-এর ১৯ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top