শ্যালিকাকে অপহরণের পর ধর্ষণ, ভগ্নিপতির যাবজ্জীবন

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের চান্দগাঁও থানার খাজা রোড এলাকায় ফুচকা খাওয়ানোর কথা বলে ১৭ বছর বয়সী শ্যালিকাকে অপহরণের পর ধর্ষণের দায়ে ভগ্নিপতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

মঙ্গলবার (২৩ জুন) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক এস এম জিল্লুর রহমান এ রায় দেন।

দণ্ডিত ব্যক্তির নাম ফজলুল করিম। ২০২২ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন খাজা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আকবর আলী বলেন, ১৭ বছর বয়সী শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে অপহরণ ও ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই ঘটনায় অপর একটি ধারায় আসামিকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন। আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি থেকে জানায়, নগরের চান্দগাঁও থানার খাজা রোড এলাকায় ২০২২ সালের ৩১ অক্টোবর শ্যালিকাকে ফুচকা খাওয়ানোর কথা বলে আসতে বলেন ভগ্নিপতি। সেখান থেকে অপহরণ করে ধর্ষণ করেন।

এই ঘটনায় ভুক্তভোগীর বাবা মোহাম্মদ আলী বাবুল বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top