কর্ণফুলীতে ভেজাল লুব অয়েল জব্দ, কারখানা সিলগালা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকায় একটি অননুমোদিত কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল ও এর উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওই এলাকায় একটি কারখানায় ব্যবহৃত ও নষ্ট ইঞ্জিন অয়েল পুনঃপ্রক্রিয়াজাত করে ভেজাল লুব অয়েল তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। এরপর সোমবার বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের সমন্বয়ে সেখানে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কারখানাটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল, কাঁচামাল এবং উৎপাদন কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়।

পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভেজাল পণ্য উৎপাদন ও মজুতের দায়ে কারখানা মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয় এবং কারখানাটি ১৫ দিনের জন্য সিলগালা করা হয়।

জব্দকৃত মালামাল ও সরঞ্জাম বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top