চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ‘নিষিদ্ধ’ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন করেছে। শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয় চবি ক্যাম্পাসে। যদিও প্রশাসনের দাবি এটি পুরোনো ভিডিও!
আজ সোমবার (২২ জুন) ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, শহীদ মিনার ও রেলক্রসিং এলাকায় ৭ থেকে ৮টি মোটরসাইকেল নিয়ে শোডাউন করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া চবির শহীদ মিনার এলাকায় বক্তব্য দিতেও দেখা গেছে সংগঠনটির সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ারকে। যিনি শোডাউনের নেতৃত্বে ছিলেন বলে জানা গেছে।
সেখানে তাকে বলতে শোনা যায়, ‘৫ আগস্টের সময় ষড়যন্ত্র করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমরা চবি শিক্ষার্থীদের কথা দিয়েছিলাম, আমরা ফিরে আসব। আমরা কথা রেখেছি। চবিকে কোনোদিন জামাত-শিবিরের রাজকারদের মিনি ক্যান্টনমেন্ট বা আঁতুড়ঘর হতে দেব না।’
পরে বাইক শোডাউনযোগে কাটা পাহাড়-জিরো পয়েন্ট হয়ে বিশ্ববিদ্যালয় ১ নং গেটের দিকে তাদের চলে যেতে দেখা যায়। এসময় ‘মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জামাত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ এ ধরনের স্লোগান দিতেও দেখা যায় ভিডিওতে।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে- সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তারা নিশ্চিত হয়েছেন, ভিডিওটি বর্তমান সময়ের নয়। ক্যাম্পাস বন্ধ থাকার সময় লোকচক্ষুর আড়ালে এই শোডাউন দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে সেটি আজ (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
চবি প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা জিরো পয়েন্ট ও ১ নং গেটের সিসিটিভি রেকর্ড চেক করে গতকাল বা আজকের কোনো শোডাউন পাইনি। এটি অনেক আগের ভিডিও, আজকে পোস্ট করেছে। ক্যাম্পাস বন্ধের সময় ভোর বেলা লোকচক্ষুর আড়ালে তাদের কয়েকজন শোডাউন দিয়ে পালিয়ে গেছে।’
তিনি আরও জানান, তাদের নেতৃত্ব দেওয়া আবরার শাহরিয়ারের বিরুদ্ধে আমরা রিপোর্ট করেছি। ফুটেজ দেখে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





