জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগরকে (৫৩) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

রোববার (২১ জুন) বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার লয়েল রোড এলাকার নবী মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আইয়ুব আলী সীতাকুণ্ড উপজেলার ছিন্নমূল এলাকার ৮ নম্বর সমাজের বাসিন্দা এবং তার পিতার নাম মৃত আব্দুল মালেক।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর আইয়ুব আলীকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, একই মামলায় আরও দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২০ জুন) বিকেলে মো. ইমরান (২৫) এবং বৃহস্পতিবার (১৮ জুন) আলী আকবরকে পৃথক অভিযানে গ্রেপ্তার করে র‍্যাব।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top