অক্সিজেন-কুয়াইশ সড়কে ফুটপাত ও ড্রেন দখলে ক্ষুব্ধ সিডিএ চেয়ারম্যান

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরীর অক্সিজেন-কুয়াইশ সড়কে ফুটপাত ও পানি চলাচলের ড্রেন দখল করে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

সোমবার (২২ জুন) প্রকল্প এলাকার চলমান কাজের অগ্রগতি, গুণগত মান ও বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো পর্যালোচনা করতে এই পরিদর্শনে যান সিডিএ চেয়ারম্যান।

এর আগে গত শনিবার সিডিএ সম্মেলন কক্ষে চট্টগ্রামের সংসদ সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এই সড়কের সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়েছিলেন। সংসদ সদস্যদের সঙ্গে সেই আলোচনার পর কাজের গতি বাড়াতেই এই পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়।

পরিদর্শন শেষে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন বলেন, বিভিন্ন স্থানে অবৈধভাবে ফুটপাথ ঢালাই করে এবং নালায় ময়লা-আবর্জনা ফেলে পানি প্রবাহের পথ বন্ধ করে রাখা হয়েছে। ফলে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। এতে বৃষ্টির পানি দীর্ঘসময় জমে থেকে বারবার সড়কের ক্ষতি করছে। এই অবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, জনসচেতনতা ছাড়া শুধু সরকারি উদ্যোগে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব নয়। নগরীর সৌন্দর্য ও পরিবেশ রক্ষার দায়িত্ব সবার।

এ সময় সিডিএ চেয়ারম্যান স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের সামনের অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। একই সঙ্গে ফুটপাথ ও নালা দখল করে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা স্বেচ্ছায় অপসারণের নির্দেশ দেন। অন্যথায় জনস্বার্থে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি দেন।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, প্রধানমন্ত্রী আমাকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার দায়িত্ব দিয়েছেন। আমি সহকর্মীদের নিয়ে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালনে কাজ করে যাব। চট্টগ্রামকে একটি আধুনিক, সুন্দর ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

সরেজমিনে পরিদর্শনকালে সিডিএর প্রধান প্রকৌশলী, সচিব, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকসহ সংস্থার ঊর্ধ্বতন প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top