চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) এলাকায় একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অগ্নিনির্বাপণ ইউনিটের পাশাপাশি ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।
এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট জেটিতে কন্টেইনার পরিচালনা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
আজ সোমবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে এনসিটির ৩ নম্বর জেটিতে এ আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই জেটিতে কন্টেইনার ওঠানামা ও স্থানান্তরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং শ্রমিকসহ সংশ্লিষ্টদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
জেটি বিভাগে কর্মরত প্রত্যক্ষদর্শী অরবিন্দ আইচ জানান, প্রথমে একটি গ্যান্ট্রি ক্রেনে আগুন লাগে। পরে আগুনের তাপ ও শিখা পাশে থাকা একটি রেফ্রিজারেটেড (ফ্রিজ) কন্টেইনারেও ছড়িয়ে পড়ে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন বড় ধরনের বিস্তার ঘটাতে পারেনি।
তিনি আরও জানান, বন্দর কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। এখন ক্ষতিগ্রস্ত কন্টেইনার থেকে মালামাল বের করা হচ্ছে। পাশাপাশি আশপাশে থাকা অন্যান্য কন্টেইনার দ্রুত সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে, যাতে নতুন করে কোনো ঝুঁকি তৈরি না হয়।
প্রাথমিকভাবে কয়েকটি কন্টেইনার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হলেও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এখনো জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এনসিটির একটি আরটিজি ক্রেনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস ও বন্দরের নিজস্ব টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপসচিব (জনসংযোগ) মো. নাহিদ মোস্তফা বলেন, আগুনের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।
আগুনে কতগুলো কনটেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা আর্থিক ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।
চাটগাঁ নিউজ/জেএইচ






