চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সহ তথ্য ও গবেষণা সম্পাদক পদে মনোনীত হয়েছেন ছাত্রদল নেতা ও জুলাই আন্দোলনের কর্মী ফয়সাল বিন আজাদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিব উদ্দিন রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৯ জুন) বিকেলে এ কমিটি ঘোষণা করা হয়।
ফয়সাল বিন আজাদ দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি ২০১৩ সাল থেকে ছাত্রদলের কর্মী হিসেবে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এছাড়া জুলাইয়ের ছাত্র আন্দোলনেও তিনি চট্টগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় ফয়সাল বিন আজাদ বলেন, ‘তারুণ্যের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে এবং ছাত্রদলকে গতিশীল ও সুসংগঠিত করতে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। রাজপথের আন্দোলনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলকে আরও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।’
তিনি এ দায়িত্ব প্রদানের জন্য ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে রাজনৈতিক সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতিও ধন্যবাদ জানান।
রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের সক্রিয় এই ছাত্রনেতা ছাত্ররাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন। তাঁর নতুন দায়িত্বপ্রাপ্তিতে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





