ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে একটি সংবাদ প্রকাশের জেরে প্রকাশ্যে হত্যার হুমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ এনে স্থানীয় যুবদল নেতা আহমেদ রশিদ চৌধুরীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ফটিকছড়ি প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক শাহনেওয়াজ নাজিম। তিনি দৈনিক মানবকণ্ঠের ফটিকছড়ি প্রতিনিধি।
অভিযোগে বলা হয়, সম্প্রতি আলোচিত ‘ফটিকছড়ি সেবা ক্লিনিক অ্যান্ড ল্যাব ইন’ এর কার্যক্রম, লাইসেন্স ও প্রশাসনিক বিষয় নিয়ে সংবাদ প্রকাশের পর থেকেই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছিল।
গত ১৯ জুন ফটিকছড়িতে বিএনপির একটি কর্মসূচি চলাকালে যুবদল নেতা আহমেদ রশিদ চৌধুরী সাংবাদিক শাহনেওয়াজ নাজিমকে প্রকাশ্যে হত্যার হুমকি দেন এবং পাঞ্জাবির কলার ধরে টানাহেঁচড়া করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় যুবদল নেতা রশিদ একাধিকবার এমপির নাম উল্লেখ করে হুমকি দিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। ভিডিওতে অভিযুক্ত ব্যক্তিকে ওই সাংবাদিকের উদ্দেশে উত্তেজনাপূর্ণ ও হুমকিমূলক কথা বলতে দেখা যায় বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে সাংবাদিক শাহনেওয়াজ নাজিম বলেন, জনস্বার্থে তথ্য-উপাত্ত যাচাই করে সংবাদ প্রকাশ করেছি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের হুমকি অত্যন্ত উদ্বেগজনক। আমি নিজের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।”
জানা গেছে, আলোচিত ফটিকছড়ি সেবা ক্লিনিক অ্যান্ড ল্যাব ইন-এর লাইসেন্স, নবায়ন ও পরিচালনা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এর আগে ২০২৩ সালে ওই ক্লিনিকে চিকিৎসা নিতে গিয়ে এক প্রসূতি ও তার নবজাতকের মৃত্যুর ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে প্রশাসনিক পদক্ষেপের অংশ হিসেবে ক্লিনিকটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এ ঘটনায় ফটিকছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সাংবাদিক শাহনেওয়াজ নাজিমের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে যুবদল নেতা আহমেদ রশিদ চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি মীমাংসিত বিষয় বলে দাবি করেন। অথচ কে বা কারা বিষয়টিকে অযথা বড় করে উপস্থাপন করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এসএ





