ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজার এলাকায় একটি বহুতল ভবন থেকে ফারুক (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) উপজেলার বিবিরহাট বাজার ট্যাক্সি স্টেশন সংলগ্ন একটি পাঁচতলা ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফারুক উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইয়াসিনপুর গ্রামের নুরুল আবছারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটির ভেতরে এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
ঘটনাটি ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে।
পুলিশ জানায়, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন






