পেকুয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা মোরারপাড়া এলাকায় কাজল রেখা (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী রাজিবুল ইসলাম রানা পলাতক রয়েছেন।

শনিবার (২০ জুন) দুপুরে শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কাজল রেখা পেকুয়া পৌরসভার উত্তর গোঁয়াখালী এলাকার গ্রাম পুলিশ জসিম উদ্দিনের মেয়ে এবং ওই এলাকার মো. রাসেল প্রকাশ রাসেল মিকারের ছেলে রাজিবুল ইসলাম রানার স্ত্রী।

নিহতের বাবা জসিম উদ্দিন অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। শুক্রবার তিনি মেয়ের জন্য বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে শ্বশুরবাড়িতে যান বলেও জানান তিনি।

তার দাবি, শনিবার দুপুরে শ্বশুরবাড়ির লোকজন কাজল রেখাকে মারধর করে হত্যা করে। ঘটনার পরপরই অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি। ২০২৫ সালে তাদের বিয়ে হয় এবং মাত্র ছয় মাসের মধ্যেই এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহজনিত ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা—তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top