সদরঘাটে মসজিদের টাকা চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় একটি জামে মসজিদের অফিস কক্ষ থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরির ঘটনায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি হওয়া টাকার মধ্যে ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের আগে মসজিদের ইমাম তামজিদ রহমান অফিস কক্ষে ২ লাখ ২০ হাজার টাকা রেখে যান। পরে আসরের নামাজ শেষে সেখানে গিয়ে টাকা না পেয়ে তিনি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির বিষয়টি নিশ্চিত হন।

এ ঘটনায় রাত সাড়ে ৯টার দিকে সদরঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পাওয়ার পর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির সঙ্গে জড়িত আরিফ (৩৬) নামে এক ব্যক্তিকে শনাক্ত করে।

পরবর্তীতে হালিশহরের ঈদগাহ বরফকল এলাকার সোনা শাহ মাজার সংলগ্ন শফি সওদাগরের বাড়িতে অভিযান চালিয়ে আরিফকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ লাখ ২৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির ঘটনায় জড়িত মো. সুমন (৩৬) নামে আরও এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় আরও ৬০ হাজার টাকা।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, অভিযোগ পাওয়ার পরপরই সিসিটিভি ফুটেজের সহায়তায় অভিযুক্তদের শনাক্ত ও আটক করা হয়। দুইজনের কাছ থেকে মোট ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

তিনি জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top