ট্রাম্পের কড়া হুঁশিয়ারি: ইরান চুক্তি না মানলে ফের হামলার ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক: জি-৭ সম্মেলনে অংশ নিতে ফ্রান্স সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে হওয়া সমঝোতা নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, চুক্তির শর্ত যথাযথভাবে বাস্তবায়িত না হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানের ওপর সামরিক হামলা চালাতে পারে।

সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে হওয়া সমঝোতা এখনো চূড়ান্ত নয়। এটি মূলত একটি সমঝোতা স্মারক, যার বাস্তবায়ন ও কার্যকারিতা পর্যবেক্ষণ করা হবে।

তিনি সতর্ক করে বলেন, যদি আমার কাছে বিষয়টি সন্তোষজনক মনে না হয়, তাহলে আমরা আবারও ব্যবস্থা নেব। তারা যদি প্রতিশ্রুতি অনুযায়ী আচরণ না করে, তবে পুনরায় বোমা হামলা শুরু হতে পারে।

ট্রাম্প আরও জানান, এই সমঝোতা স্মারকের আওতায় ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি ইরানের আচরণ ও চুক্তি বাস্তবায়নের অগ্রগতির ওপর নির্ভর করবে বলেও ইঙ্গিত দেন তিনি।

এ বিষয়ে শিগগিরই আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

ট্রাম্পের এই বক্তব্যকে মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে সমঝোতার পথ খোলা রাখলেও ওয়াশিংটন এখনো কঠোর চাপের নীতি থেকে সরে আসেনি।
সূত্র: বিবিসি

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top