চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে একটি ট্রাকের পেছনে কনটেইনার বোঝাই লরির ধাক্কায় লরিচালকসহ দুইজন আহত হয়েছেন। দুর্ঘটনায় লরিচালক লরির ভেতরে আটকা পড়লে প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার জামালের দোকান এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত লরিচালক মো. নিজাম উদ্দিন (৫০) লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা। এছাড়া দুর্ঘটনায় আরিফুর রহমান নামে এক মোটরসাইকেল চালকও আহত হন।
মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা হ্লা মং মারমা জানান, সংঘর্ষের পর লরিচালক নিজাম উদ্দিন চালকের আসনে আটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লরির ক্ষতিগ্রস্ত অংশ কেটে প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করেন। একই সময় আহত মোটরসাইকেল চালককেও উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফুজ্জামান জানান, আহত লরিচালককে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





