বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: আসামি মনিরের যাবজ্জীবন কারাদণ্ড

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত মনির হোসেনকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন।

মামলার নথি অনুযায়ী, গত ২১ মে বিকেলে বাকলিয়া থানার নূর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার বালুর মাঠসংলগ্ন একটি গুদামকক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত মনির হোসেনকে আটক করলে ক্ষুব্ধ জনতা তাকে নিজেদের হেফাজতে নিয়ে গণপিটুনি দেওয়ার দাবি জানায়। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনতার দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষে প্রায় ৩০ জন পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। পরে রাত সোয়া ১০টার দিকে কৌশলে আসামিকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

পরদিন ২২ মে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মনির হোসেনকে একমাত্র আসামি করে বাকলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। একইদিন আদালতে হাজির করা হলে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পাশাপাশি ভুক্তভোগী শিশুটির জবানবন্দিও রেকর্ড করা হয়।

পুলিশ মাত্র পাঁচ কার্যদিবসের মধ্যে ডিএনএ প্রতিবেদনসহ তদন্ত শেষ করে ৪ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরে ৯ জুন আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়। অভিযোগ গঠনের পর ১০ জুন থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে তিন কার্যদিবসের মধ্যে বাদী, ভুক্তভোগী, চিকিৎসকসহ মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। গত ১৬ জুন উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর বুধবার মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top