চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় এক মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম রাশেদ। তিনি ফটিকছড়ি উপজেলার নানুপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে উরকিরচর জনকল্যাণ ছাত্রসংঘের পশ্চিম পাশে একটি বাড়ির উঠানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা প্রথমে মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।
স্থানীয় সমাজসেবক ও বীমাকর্মী আবুল কাশেম হিরু জানান, সকালে বাড়ির উঠানে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে অবহিত করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





