চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রামহরি বৈষ্ণব (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রামহরি বৈষ্ণব হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামের বাসিন্দা। তিনি লালদিঘির পাড়ের ‘রাধিকাস কিচেন’ নামের একটি খাবারের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দোকানের জানালায় আর্জেন্টিনার পতাকা টাঙানোর সময় অসাবধানতাবশত জানালার পাশ দিয়ে যাওয়া একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন রামহরি। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা এগিয়ে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন জানান, পতাকা টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





