চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের মাতামুহুরী এলাকার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজের দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) সকালে ফজুমিয়াজিরচর এলাকার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওয়াহিদুল ইসলাম পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার বাসিন্দা তৌহিদুল ইসলাম লিটনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জুন সন্ধ্যার পর থেকে ওয়াহিদুল নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে মঙ্গলবার সকালে ফজুমিয়াজিরচর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের একটি খালে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মাতামুহুরী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম চলছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





