মিরসরাইয়ে পাহাড়ের চূড়া থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার 

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার সোনাইছড়ি ঝরনা এলাকার পাহাড় চূড়া থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে মিরসরাই থানা পুলিশ।

সোমবার (১৫ জুন) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার উত্তর ওয়াহেদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাহাড় চূড়া থেকে অজ্ঞাত সেই লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, উক্ত বৃদ্ধকে প্রায় দুই মাস আগে হাদিফকিরহাট বাজারে দেখা গেছে। তিনি মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। বাজারে ঘোরাঘুরি করতেন তার পরনে কখনো কাপড় থাকতো কখনো থাকতো না।  দোকানে দোকানে খুঁজে যা পেতো তাই খেয়ে দিনাতিপাত করতো।

সোমবার রাতে পাহাড়ের চুড়ায় একটি লাশ পড়ে থাকতে দেখে মিরসরাই থানায় খবর দিলে পুলিশ এসে সেটি উদ্ধার করে নিয়ে যায়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের পাহাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। সেখানে উলঙ্গ অবস্থায় পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি।

প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। সুরতহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/বাবলু/জেএইচ

Scroll to Top