ওমান প্রতিনিধি: ওমানে কৃষি খাতে কর্মরত বাংলাদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে বাংলাদেশ দূতাবাস, মাস্কাটে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কৃষি খাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দোকার মিসবাহ-উল-আজিম। উক্ত সভাটি সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক।
এতে কৃষি উদ্যোক্তাদের মধ্যে সিআইপি মোহাম্মদ নাজিম উদ্দিন, নূর নবী ভান্ডারী, বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিআইপি আজিমুল হক বাবুলসহ বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও দূতাবাসের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
যেখানে তারা জানান, ওমানে কৃষি খাতে অন্য কোন দেশের মানুষ তেমন জড়িত নয়, তাই বাংলাদেশিদের জন্য প্রচুর সম্ভাবনা রয়েছে। এছাড়া সভায় কৃষি উদ্যোক্তারা তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় তুলে ধরেন।
বক্তব্যে সিআইপি মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ওমানে কৃষি খাতে বিনিয়োগ ও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। সরকারের প্রয়োজনীয় সহযোগিতা পেলে এ খাতে আরও বেশি প্রবাসী বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে। তিনি বলেন, কৃষি খাতে বিনিয়োগের মাধ্যমে উল্লেখযোগ্য সুফল অর্জন করা যেতে পারে।
এ সময় তিনি ওমানে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী বাংলাদেশি শ্রমিকদের মরদেহ দ্রুত ও সহজ প্রক্রিয়ায় দেশে পাঠানোর ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি বিদেশগামী শ্রমিকদের জন্য বাধ্যতামূলক বীমা (ইন্স্যুরেন্স) সুবিধা চালুর ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অংশগ্রহণকারীরা ওমানের কৃষি খাতে বাংলাদেশিদের অংশগ্রহণ বৃদ্ধি, নতুন বিনিয়োগ আকৃষ্ট করা এবং প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। রাষ্ট্রদূত উপস্থিত সবার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
চাটগাঁ নিউজ/টমাস/জেএইচ






